
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন থেকে শুধুমাত্র চীন–এর জাহাজের জন্য উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। তাদের দাবি, প্রণালী সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ প্রণালী পারস্য উপসাগরের বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
বিশেষ করে চীন ও ভারতের মতো এশীয় দেশের জ্বালানি সরবরাহ এই রুটের ওপর নির্ভরশীল। ফলে রুটটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।
চীন সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং প্রণালীতে নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি গ্রহণযোগ্য নয়; দ্রুত সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করা প্রয়োজন।
সূত্র : এনডিটিভি, এএফপি, সিনহুয়া