
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। তার জীবিত থাকা নিয়েই যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার ব্রায়ান হেগসেথ দাবি করেছেন, সাম্প্রতিক এক হামলায় তিনি আহত হয়েছেন।
ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনি গুরুতরভাবে আহত হন এবং এরপর থেকে তিনি জনসমক্ষে আর উপস্থিত হচ্ছেন না। তার বক্তব্য অনুযায়ী, বর্তমানে খামেনি আত্মগোপনে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
হামলার পর থেকে খামেনির কোনো সরাসরি ভিডিও বার্তা প্রকাশ না হওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও কিছু লিখিত বিবৃতি প্রকাশিত হয়েছে, তবুও তার সুস্থতা নিয়ে সংশয় কাটছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ইরান সরকার এখন পর্যন্ত খামেনির আহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকৃতি দেয়নি। ফলে পুরো বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য কৌশলগত চাপ সৃষ্টির অংশ হতে পারে। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।