
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ভবিষ্যতে ইরান যেন আর কোনো হুমকি হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই এই অবস্থান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সামরিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন ইসরায়েল কাৎজ। তিনি বলেন, ইরানকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে নতুন করে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি তুলে ধরে কাৎজ বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা যাতে তারা ভবিষ্যতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং মুক্ত বিশ্বের জন্য আর কোনো বিপদের কারণ হতে না পারে।”
তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিচ্ছে ইসরায়েল এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি অনুযায়ী খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যে এই বক্তব্য নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সমন্বিত এই অবস্থান ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলেরই অংশ।