
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থার মতো উত্তেজনা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সাম্প্রতিক এই সংঘাতের জেরে সোমবার এশিয়ার বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
লেবাননে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই পাল্টা সামরিক জবাব দেয় ইসরায়েল। গত এপ্রিলের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি এ ধরনের বড় ধরনের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল। এতে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
এরই প্রভাবে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়।
গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে ওঠানামা চলছিল। তবে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এক সপ্তাহ ধরে তেলের দাম গড়ে ৯৫ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে বিনিয়োগকারীরাও ভবিষ্যৎ বাজার পরিস্থিতি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছেন।