
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বড় ধরনের ছাড় ঘোষণা করেছে ইরান। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে আগামী ৬০ দিন এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারে কোনো ধরনের ফি নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলো আগামী দুই মাস বিনা খরচে চলাচলের সুযোগ পাবে। এ লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে ইসলামাবাদ সমঝোতা স্মারকে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি এবং নৌপথ সংশ্লিষ্ট কিছু বিশেষ ঝুঁকির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচল করতে হবে। এতে ধাপে ধাপে সমুদ্রপথে বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা এবং পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করবে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ।
এ ছাড়া ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় নৌপথে থাকা মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বিবৃতিতে উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।