
সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের দাবি জানিয়ে সম্প্রতি আলোচনায় আসা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবার নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে নতুন দাবি তুলেছেন। তিনি রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তরের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় তার সঙ্গে সাক্ষাতে ড. মিজানুর রহমান রেলবন্দর প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এর আগে, গত বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে স্পিকারের কাছে সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে দরজা-জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের ব্যবস্থা করার দাবি জানিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।
রেলসচিবের সঙ্গে বৈঠকে ড. মিজানুর রহমান রহনপুর স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি রহনপুর-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর পথে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিদ্যমান ট্রেনগুলোর বগি বাড়ানো, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান।
পরিদর্শনের সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। তারা রেলসচিবের হাতে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি তুলে দেন।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. মিজানুর রহমান বলেন, ‘রহনপুর রেলওয়ে স্টেশনের দুটি লাইন বৃদ্ধির জন্য সচিব মহোদয়কে অনুরোধ করা হয়েছে। তিনি আমাদের সব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে তা পূরণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ঢাকার সাথে সংযোগকারী রাজশাহী পর্যন্ত শাটল ট্রেনের দাবি জানালে সচিব ইতিবাচক সাড়া দিয়েছেন।’
রহনপুর স্টেশনের অর্থনৈতিক সম্ভাবনার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। এখানকার লাইন দুটি বৃদ্ধি করা হলে রাজস্ব আদায় আরও অনেক বাড়বে। রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন করা সম্ভব হলে এটি একটি অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।’