
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরা ঘিরে কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) রাতে এ ঘটনায় বিমানবন্দর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে বিমানে কলকাতায় ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে আগে থেকেই জড়ো হয়েছিলেন তৃণমূলের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।
তৃণমূলের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম নিক্ষেপের পরিকল্পনা করেছিল বিজেপি সমর্থকরা। এই অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করে দেয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে। তবে ঘটনার জেরে বিমানবন্দর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে।
এদিকে ডিম নিক্ষেপের পরিকল্পনার অভিযোগ নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে বিমানবন্দরের ভিন্ন একটি গেট দিয়ে বের করে নেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ঘটনার ভিডিও প্রকাশ করে অভিযোগ করা হয়, তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা’।
তবে এ অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।