
সাধারণ মানুষের ব্যয় কমাতে জ্বালানি তেলের দামে বড় ধরনের হ্রাসের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৬৭ রুপি কমানো হয়েছে।
শুক্রবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। নতুন মূল্যহার অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৭৩ রুপি থেকে কমে ২৯৯ রুপিতে নেমে এসেছে। একইভাবে প্রতি লিটার ডিজেলের দাম ৩৭৮ রুপি থেকে হ্রাস পেয়ে ৩১১ রুপিতে নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য ধারাবাহিকভাবে কমে আসা এবং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসার প্রেক্ষাপটে জনগণকে সরাসরি সুবিধা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহবাজ শরিফ বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় তার সরকার কঠোর ব্যয়সংকোচন নীতি অনুসরণ করেছে। এর ফলে উন্নয়ন বাজেট থেকে প্রায় ১২৯ বিলিয়ন রুপি সাশ্রয় করা সম্ভব হয়েছে, যা জ্বালানি খাতে জনগণের সহায়তায় ব্যয় করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও পাকিস্তান অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশের কোথাও তেলের সংকট বা ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সমন্বিত উদ্যোগের কারণে জ্বালানি ঘাটতি এড়ানো সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকা আঞ্চলিক অর্থনীতির স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও মূল্যহ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়া এবং বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম কমেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের সময় পাকিস্তান সরকার একাধিক দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল। গত মার্চ ও এপ্রিল মাসে ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে জ্বালানির দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে আন্তর্জাতিক বাজারে পরিস্থিতির উন্নতির পর এবার বড় ধরনের মূল্যছাড়ের ঘোষণা এলো।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন