
আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। নয়াদিল্লির ভাষ্য, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর ‘স্পষ্ট আগ্রাসন’ এবং এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের সামরিক অভিযান শুধু আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতাই লঙ্ঘন করেনি, বরং ইসলামাবাদের ‘বেপরোয়া আচরণের ধারাবাহিকতা’ও তুলে ধরেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানায় ভারত।
ভারত আরও বলেছে, সীমান্ত–সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগ থাকলেও তার সমাধান সামরিক হামলা নয়। আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করে নয়াদিল্লি জানায়, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এর আগে আফগান তালেবান প্রশাসনও পাকিস্তানের হামলার কড়া প্রতিবাদ জানিয়ে একে ‘অমার্জনীয়’ বলে উল্লেখ করে। কাবুল দাবি করেছে, বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো এসব হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং প্রয়োজন হলে এর জবাব দেওয়া হবে। একই সঙ্গে পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে তালেবান বলেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালানোর অভিযোগের পক্ষে ইসলামাবাদ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানে অবস্থান নিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের দেশে হামলা চালায়। তবে কাবুল বারবার এ অভিযোগ অস্বীকার করেছে। সাম্প্রতিক এই হামলা ও পাল্টাপাল্টি বক্তব্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।