
সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত দেশটির সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চুক্তির সঙ্গে এই শর্ত আগেই যুক্ত করা হয়েছিল এবং সংশ্লিষ্ট সব পক্ষ তা সম্পর্কে অবগত ছিল।
শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি কর্তৃপক্ষ আগে থেকেই জানতেন যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি এই চুক্তির অন্যতম শর্ত।
এর আগে মার্কিন জ্বালানি বিভাগ ও সৌদি আরব ৩০ বছর মেয়াদি এবং বহু বিলিয়ন ডলারের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে। তবে ট্রাম্পের সর্বশেষ অবস্থানের ফলে চুক্তিটির চূড়ান্ত বাস্তবায়ন এখন নতুন রাজনৈতিক শর্তের ওপর নির্ভর করছে।
ট্রাম্পের বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব। তবে দেশটি দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রকল্পটি মার্কিন ঠিকাদারদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ রাখা হবে না। ফলে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি থাকবে না বলেও তিনি দাবি করেন।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগসংক্রান্ত এই চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।
তথ্যসূত্র: রয়টার্স