
ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের প্রতি নিজের আস্থা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করেছেন, ইরান আর সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। তার দাবি, একসময় তেহরান এমন অবস্থায় পৌঁছাবে, যখন তারা আর এসব হামলা সহ্য করতে সক্ষম হবে না।
একই সঙ্গে ট্রাম্প জানান, এখনো ইরানের সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে তেহরানের প্রতি তার বিশ্বাস আগের তুলনায় কমে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর জানিয়েছে, অঞ্চলে চলমান মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সামুদ্রিক পরিবহন সংস্থা।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যেসব জাহাজের চলাচলের আবেদন আটকে আছে, সেগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।