
যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানের সংবাদমাধ্যম মেহরের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অ্যাসেম্বলিতে দেওয়া বক্তব্যে নিকজাদ বলেন, যুদ্ধের সময় ইরান আগ্রাসী ও ‘ভ্রান্ত’ শত্রুপক্ষকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তারা বিষয়টি না বোঝার ভান করেছে। কিন্তু সময়ই ভ্রান্ত মানুষদের সবচেয়ে বড় শিক্ষক। আজ আমেরিকান-ইসরায়েলি শত্রু শক্তিশালী সশস্ত্র বাহিনী নিয়েও বাস্তবতা উপলব্ধি করেছে যে হরমুজ প্রণালি খোলার কোনো সামরিক সমাধান নেই।’
তবে নিকজাদ জানান, বর্তমানে হরমুজ প্রণালির পরিস্থিতির চেয়েও ইরানের অর্থনৈতিক সংকট মোকাবিলা করাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের অর্থনৈতিক চাপ কমানোই এখন ইরানের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে প্রণালিটির পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারেও।