
দক্ষিণ চীনে টাইফুন মায়সাকের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভারী বৃষ্টিতে প্রাণহানি বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। এ ছাড়া আরও ১০ জনের নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
জুলাইয়ে টাইফুন মায়সাক আঘাত হানার পর দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে গুয়াংসি অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সে সময় রাষ্ট্রীয় গণমাধ্যম ৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।
তবে শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, দুর্যোগে মোট ১৫৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১০ জন। বন্যার প্রায় ছয় সপ্তাহ পর নতুন করে প্রাণহানির এই সংখ্যা প্রকাশ করা হলেও এর কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি সিসিটিভি।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, টাইফুন মায়সাক-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন নিয়ে গুয়াংসির নাননিং ও গুইগাং শহরে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকগুলোতে পাওয়া তথ্য অনুযায়ী, দুই শহরে দুর্যোগে ১৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বর্তমানে নাননিং ও গুইগাং—দুই এলাকাই দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের পর্যায়ে পুরোপুরি প্রবেশ করেছে।