
মেট্রোরেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্যে আগামী দুই বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে ভারত—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী মনোহর লাল। তাঁর দাবি, বর্তমানে ভারতের মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ হাজার ১৭০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কের তুলনায় যা মাত্র ২১৬ কিলোমিটার কম। এই ব্যবধানও আগামী দুই বছরের মধ্যে পূরণ হয়ে যাবে বলে মনে করছেন তিনি। এরপর চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোরেল নেটওয়ার্কের দেশ হবে ভারত।
ইন্দোরে নতুন রুট উদ্বোধনের পর ঘোষণা
শনিবার (৫ সেপ্টেম্বর) ইন্দোরে মেট্রোরেলের বর্ধিত রুট উদ্বোধন শেষে এসব কথা বলেন মনোহর লাল। অনুষ্ঠানে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বর্তমানে মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ হাজার ৩৮৬ কিলোমিটার। ইন্দোরের নতুন লাইন যুক্ত হওয়ার ফলে ভারতের মোট মেট্রোরেল নেটওয়ার্ক এখন ১ হাজার ১৭০ কিলোমিটারে দাঁড়িয়েছে।
তিনি বলেন, মেট্রোরেল নেটওয়ার্কের দৈর্ঘ্যে যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতের পিছিয়ে থাকার ব্যবধান এখন মাত্র ২১৬ কিলোমিটার।
২ হাজার ৮৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ইন্দোর মেট্রোরেলের বর্ধিত রুট উদ্বোধনের অনুষ্ঠানে ভারতের মেট্রোরেল সম্প্রসারণের বর্তমান চিত্রও তুলে ধরেন তিনি। মনোহর লাল বলেন, চীনে বর্তমানে প্রায় ৮ হাজার কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক রয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে মনোহর লাল বলেন, ‘আমার ধারণা, আগামী দুই বছরের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাব এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রোরেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠব।’
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার সময় ভারতের মাত্র পাঁচটি শহরে মেট্রোরেল চলাচল করত। তখন মোট ২৪৫ কিলোমিটার রুটে এই সেবা চালু ছিল। এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে সেই নেটওয়ার্ক এখন ২৬টি শহরে বিস্তৃত হয়েছে এবং মোট দৈর্ঘ্য বেড়ে ১ হাজার ১৭০ কিলোমিটারে পৌঁছেছে।
মেট্রোরেলকে কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পরিবহন ব্যবস্থা হিসেবে দেখছেন না মনোহর লাল। তাঁর মতে, এর মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও আরও সহজ হয়।
তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার যে লক্ষ্য নেওয়া হয়েছে, তার সঙ্গেও দেশের মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি সম্পর্কিত।
অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, ইন্দোরের উন্নয়নের ক্ষেত্রে মেট্রোরেল নতুন একটি অধ্যায়ের সূচনা করছে। ভবিষ্যতে এই মেট্রোরেল সেবা উজ্জয়িনীসহ আশপাশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।
এ সময় ইন্দোর-মানমাদ রেললাইন নির্মাণের জন্য ১৮ হাজার ৫০০ কোটি রুপির প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মোহন যাদব।
তিনি বলেন, এই রেললাইন চালু হলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে।
৬ কিলোমিটার থেকে এখন ১৭ কিলোমিটার
কর্মকর্তারা জানান, এতদিন ইন্দোরে গান্ধীনগর থেকে সুপার করিডর-৩ স্টেশন পর্যন্ত ছয় কিলোমিটার পথে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল সীমাবদ্ধ ছিল। বর্ধিত রুট চালুর পর এখন গান্ধীনগর থেকে মালভিয়া নগর চৌরাহা পর্যন্ত ১৭ কিলোমিটার পথে মেট্রোরেল চলাচল করবে।
নতুন এই রুটে প্রতিদিন সকাল ৯টায় দুই প্রান্ত থেকে দিনের প্রথম ট্রেন ছেড়ে যাবে। দিনের শেষ ট্রেন চলবে সন্ধ্যা ৭টায়।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যাত্রীরা প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল পাবেন। প্রতিদিন এই পথে ৮০টির বেশি ট্রিপ পরিচালনা করা হবে।
ইন্দোর মেট্রোরেলের সম্প্রসারিত অংশে মোট ১৬টি স্টেশন থাকবে। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোর মধ্যে যাতায়াত ও যোগাযোগ আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।