
রাজনৈতিক সম্মেলন মানেই সাধারণত আনুষ্ঠানিকতা, গুরুগম্ভীর আলোচনা আর কূটনৈতিক ব্যস্ততা। তবে ভারতের সফরে সেই চেনা পরিবেশে ভিন্ন আবহ তৈরি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নয়াদিল্লিতে আয়োজিত এক নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান গেয়ে অতিথিদের চমকে দিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেন আনোয়ার ইব্রাহিম। সম্মেলনকে ঘিরে আয়োজিত নৈশভোজেই তিনি পরিবেশন করেন ১৯৬৫ সালের ‘তিন দেবিয়াঁ’ সিনেমার জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’।
পিয়ানোর সুরে কিশোরের গান
শচীন দেব বর্মণের সুর করা এবং মাজরুহ সুলতানপুরীর লেখা রোমান্টিক গানটি আনোয়ার ইব্রাহিম গাওয়ার সময় তার সঙ্গে পিয়ানো বাজাচ্ছিলেন একজন শিল্পী।
গান পরিবেশনের একপর্যায়ে নৈশভোজে উপস্থিত অতিথিদের সবার দৃষ্টি চলে যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দিকে। রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার বাইরে তার এই সংগীত পরিবেশনা অনুষ্ঠানে আলাদা আবহ তৈরি করে।
পরে নিজের গান গাওয়ার সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম। ভিডিওটির সঙ্গে মালয় ভাষায় তিনি ক্যাপশনে লেখেন, ‘গুরু, আমি কি একটু গাইতে পারি?’
আনোয়ার ইব্রাহিমের গান গাওয়ার ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মন্তব্যে তার গানের প্রশংসা করেন অনেকে।
একজন মন্তব্য করেন, ‘স্যার, আপনি সত্যিই খুব ভালো গেয়েছেন। আশা করি ভারতে আপনার সময়টা দারুণ কেটেছে।’
অন্য একজন লিখেছেন, ‘ইয়েমেন থেকে মালয়েশিয়া এই দেশটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে। প্রতিটি স্মৃতি, প্রতিটি সুযোগ এবং প্রতিটি সুন্দর মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ মালয়েশিয়া।’
এক প্রবাসী ভারতীয়ও আনোয়ার ইব্রাহিমের গানের প্রশংসা করে মন্তব্য করেন, ‘বাহ, জানতাম না আনোয়ার সাহেব এত সুমধুর গান গাইতে পারেন... দারুণ লেগেছে। মালয়েশিয়া থেকে এক প্রবাসী ভারতীয়র অনেক ভালোবাসা।’
ভারতীয় সংগীত ও চলচ্চিত্রের প্রতি পুরোনো অনুরাগ
ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ অবশ্য এবারই প্রথম প্রকাশ পেল না। দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় চলচ্চিত্র ও সংগীতের প্রতি নিজের অনুরাগের কথা বলে আসছেন।
এর আগেও ভারত সফরের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের এক অনুষ্ঠানে কিশোর কুমারের একই গান পরিবেশন করেছিলেন তিনি।
এ ছাড়া ২০২৪ সালে দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে মুকেশের কালজয়ী গান ‘দোস্ত দোস্ত না রাহা’ও গেয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
হিন্দি সিনেমার গান ছাড়াও দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রন এবং পুরোনো তামিল চলচ্চিত্রের গানেও আনোয়ার ইব্রাহিমের আগ্রহ রয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আনোয়ার ইব্রাহিমের এই আগ্রহের বিষয়টি উল্লেখ করেছিলেন।
ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈশ্বিক অবস্থানেরও প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার দেশের অসংখ্য মানুষ তাকে বার্তা পাঠিয়েছেন। তারা ভারতীয় নেতার প্রতি নিজেদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্যও তাকে অনুরোধ করেছেন।