
যুক্তরাষ্ট্র সফরের আগেই একাধিক জটিলতার মধ্যে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্কে প্রবেশের আগেই আইনি ও প্রশাসনিক নানা অনিশ্চয়তা তৈরি হওয়ায় তার সফর ঘিরে বদলে গেছে আগের পরিকল্পনা। এর অংশ হিসেবে নেতানিয়াহুকে বহনকারী ইসরায়েলের রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে (জেএফকে) অবতরণ না-ও করতে পারে।
ইসরায়েলের জনপ্রিয় দৈনিক ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নেতানিয়াহুকে বহনকারী ভিআইপি বিমানটি নিউইয়র্কে না নেমে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সির কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারে।
কেন বদলানো হচ্ছে অবতরণের স্থান?
এই সিদ্ধান্তের পেছনে নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির অবস্থান এবং সম্ভাব্য আইনি জটিলতা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। গাজায় হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি একাধিকবার বলেছেন, নেতানিয়াহু নিউইয়র্কের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতারের জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এর পাশাপাশি, নেতানিয়াহুর রাষ্ট্রীয় বিমান জেএফকে বিমানবন্দরে রাখার বিষয়টি নিয়েও নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সফরসঙ্গীদের আশঙ্কা, জেএফকে বিমানবন্দরে বিমানটি অবতরণের পর মেয়র মামদানি সেটিকে দ্রুত রানওয়ে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন।
এ ধরনের পরিস্থিতি এড়াতেই বিকল্প ব্যবস্থা হিসেবে নিউজার্সির কোনো সামরিক ঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উইং অব জায়ন’ নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিউইয়র্কে থাকছেন না রাত, কমছে সফরের সময়
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুকে ঘিরে সম্ভাব্য বড় ধরনের বিক্ষোভের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ কারণে নিউইয়র্কে তার অবস্থানের সময় কমিয়ে আনা হয়েছে।
বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়াতে নিউইয়র্কে রাত না কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ফলে তার সফরসূচিও রাখা হয়েছে অত্যন্ত সংক্ষিপ্ত। নির্ধারিত কর্মসূচি শেষ করার পর যত দ্রুত সম্ভব নিউইয়র্ক ছেড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
টেক্সাস সফরও বাতিল, হচ্ছে না ইলন মাস্কের সঙ্গে বৈঠক
নিউইয়র্কের কর্মসূচিতে পরিবর্তনের পাশাপাশি নেতানিয়াহুর টেক্সাস সফরও বাতিল হয়েছে। সেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত ছিল।
তবে শেষ মুহূর্তে সেই বৈঠক আর হচ্ছে না। এক ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ বিমানযাত্রার মধ্যে জ্বালানি নেওয়ার জন্য বিরতি এবং মার্কিন পক্ষের সঙ্গে শেষ মুহূর্তের সমন্বয়সংক্রান্ত জটিলতার কারণেই মাস্কের সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।