
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হন তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দুই নেতা। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, শাহবাজ শরিফ বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাঁর দেশের দৃঢ় অঙ্গীকারের কথা জানান। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান এবং জাতিসংঘের লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথা উল্লেখ করেন।
এর জবাবে তারেক রহমানও দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা। পাশাপাশি অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।
আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। বিশেষ করে জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।
বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন।