
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারতের ইসলামাবাদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রাজস্থানের বিজেপি সভাপতি মদন রাঠৌর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সভায় তিনি এ বক্তব্য দেন। পরে নিজের অবস্থানের পক্ষে যুক্তিও তুলে ধরেন এই বিজেপি নেতা।
মদন রাঠৌর বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের পাকিস্তানের পাশে থাকা উচিত। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে তিনি দেশের স্বার্থে ভারতের পক্ষ নেওয়ার কথা জানান।
নিজের বক্তব্য ব্যাখ্যা করে রাঠৌর বলেন, দুই দেশের মধ্যে সমস্যা তৈরি হলে ভারতীয় হিসেবে দেশের পাশেই দাঁড়াতে হবে। বিষয়টি সবার বোঝা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
রাঠৌরের বক্তব্যে বিরোধীদের সমালোচনা
বিজেপি নেতার এই মন্তব্য সামনে আসার পর কংগ্রেসসহ বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছে দলটি। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ রাঠৌরকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শামা মহম্মদ অভিযোগ করেন, ভারতের নাগরিক ও সেনাসদস্যদের হত্যার জন্য দায়ী পাকিস্তানের প্রতি বিজেপির পক্ষপাত আবারও প্রকাশ পেয়েছে।
একই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। রাঠৌরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চেয়ে বিজেপির কাছে জবাব দাবি করেন কংগ্রেসের এই মুখপাত্র।