
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আটকের কিছুক্ষণ পর শিক্ষার্থী আন্দোলনের সংগঠক নেহা বোরাকেও আটক করেছে পুলিশ। পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাওয়ার সময় মান্দি হাউস সার্কেল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে অভিজিৎ দীপককে আটক করে দিল্লি পুলিশ। এর আগে সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। এ কর্মসূচিতে জাতীয় পতাকা নিয়ে তরুণদের অংশ নেওয়ার কথা ছিল।
সহযোদ্ধাদের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি
ককরোচ জনতা পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিল দলটি। তবে ওই দিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। অভিজিৎ, আশুতোষ ও সৌরভকেও আটক করা হয়েছিল। পরদিন তাঁরা মুক্তি পান।
এরপর ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আশুতোষ ও সৌরভ। ওই সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের রিমান্ডেও নেওয়া হয়।
নির্বাচন কমিশনপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন ককরোচ জনতা পার্টির তরুণ সমর্থকেরা।
তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার। এর মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৭০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, নির্বাচন শেষ হওয়ার পরপরই ওই ভোটারদের নাম আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।