
ভারতে আগামী তিন দশকেও কংগ্রেস সরকার গঠন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে লক্ষ্য করে তিনি বলেছেন, নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে না পেরে কংগ্রেস ভোট চুরির অভিযোগ তুলছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ৬২তম জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের জন্য ৮ হাজার ৯৪১ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন অমিত শাহ। এ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি কংগ্রেস ও রাহুল গান্ধীর সমালোচনা করেন।
অমিত শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দেওয়ার পক্ষে রাহুল গান্ধী ও তাঁর দল। এ কারণেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেসের এত আপত্তি বলে দাবি করেন তিনি।
এসআইআর বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আন্দোলনে নেমেছে। গত ১৩ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে একটি মিছিলও হয়। একই সময়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনও কেন্দ্রীয় সরকারকে চাপে রেখেছিল। তবে হিন্দু ধর্মীয় উৎসবের কারণে আন্দোলনের গতি কমে যায়।
সম্প্রতি বিজেপি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করে, রাহুল গান্ধী চার দিনের সফরে ভিয়েতনামে যাচ্ছেন। ওই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ‘আমি জানি আমার কথা আপনি এখন শুনতে পাবেন না। কারণ আপনি বিদেশে কোথাও বসে আছেন। তার কোনো ব্যাখ্যাও কোনো দিন আপনি দেন না। সে সব ঠিক আছে। ওটা আপনার ব্যক্তিগত জীবন। কিন্তু দিল্লিতে নামার পর আমার কথা শুনে রাখুন। আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসাতে পারবেন না।’
ভোট চুরির অভিযোগ নিয়ে রাহুলকে আক্রমণ
বিজেপির ধারাবাহিক নির্বাচনী সাফল্যের কারণেই বিরোধীরা ভোট চুরির অভিযোগ তুলছে বলে মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি তো ভোটে জিতেই চলেছে। বিরোধীদের তাতে অসুবিধা হচ্ছে। সেই কারণেই তারা ভোট চুরির অজুহাত নিয়ে এসেছে।’
রাহুল গান্ধীকে উদ্দেশ করে অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দেওয়ার প্রসঙ্গও তোলেন অমিত শাহ। তাঁর ভাষায়, ‘রাহুলজি, আপনি শুধু ভোট চুরি নিয়ে কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান। তাদের ভোটগুলোকে আগলে রাখতে চান।’
বিজেপির দীর্ঘদিন ক্ষমতায় থাকার সম্ভাবনা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘আমি যখন বলি বিজেপি আরও ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন বিরোধীরা ভোট চুরির অভিযোগ তোলে। জিজ্ঞেস করে, ভোটের ফলাফল অমিত শাহ কীভাবে আগে থেকে জেনে যাচ্ছেন! আসলে অমিত শাহ তো এখানেই জন্মেছেন, এখানেই থাকেন এবং এখানেই মারা যাবেন। প্রতি ছয় মাস অন্তর আমাকে বিদেশে যেতে হয় না। আমি এই দেশের মানুষের মাঝে বাস করি।’
আন্দোলন করে নির্বাচনে জয় সম্ভব নয়
বিরোধীদের চলমান আন্দোলন নিয়েও কটাক্ষ করেন বিজেপির এই নেতা। তিনি বলেন, ‘মানুষের রায় আপনারা এ ভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে এবং জনরোষ সৃষ্টি করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।’