
ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলার ২০২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মা ও ছেলেসহ চার নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
দুপুর ১টার দিকে নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি ও একটি পিকআপ ভ্যানে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনাস্থলটি লিটান এলাকায় অবস্থিত। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কুকি ও নাগা সম্প্রদায়ের সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু এই এলাকা।
নিহত চারজন হলেন কাপাংখুই আরএস, তার ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইসিং ও অগাস্ট নাগালুং। তাঁদের মধ্যে প্রথম দুজন উখরুল জেলার শাংশাক গ্রামের এবং বাকি দুজন একই জেলার তাশার গ্রামের বাসিন্দা ছিলেন। মণিপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্বৃত্তরা দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, নিরাপত্তা জোরদার করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সমন্বয়ে গঠিত অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এলাকায় পাঠানো হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, হামলার স্থানটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। লিটান এলাকা থেকে এর দূরত্ব ৬ কিলোমিটার। একটি কুকি সংগঠনের আরোপ করা অবরোধের কারণে আগস্ট পর্যন্ত এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এ ছাড়া লিটান থেকে ইম্ফল ও উখরুলের মধ্যে উভয় দিকে চলাচলকারী যানবাহনকে সরকার নিরাপত্তা এসকর্ট দিয়ে থাকে।
নাগা অধ্যুষিত উখরুল জেলার পাশের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় একই ধরনের গুলির ঘটনায় এক কুকি নারী নিহত এবং দুজন কুকি পুরুষ আহত হওয়ার ঠিক এক দিন পর শুক্রবারের এই হামলা ঘটল।
নাগা সংগঠনগুলোর দাবি, এই হামলার পেছনে কুকি সশস্ত্র গোষ্ঠী জড়িত থাকতে পারে। তবে কুকি গোষ্ঠীগুলো এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। অন্যদিকে, বেশ কয়েকটি কুকি সুশীল সমাজ সংগঠন নাগা বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মদ্যপ অবস্থায় কথিত বিবাদের জেরে মণিপুরে কুকি-নাগা সংঘাত শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত এই সংঘাতে ৬৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: দ্য হিন্দু।