
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ ছয়টি পদে পরিবর্তন আনা হয়েছে। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, এতদিন কিউএমজি হিসেবে দায়িত্ব পালনকারী লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর সূত্রে এ রদবদলের তথ্য জানা যায়।
এছাড়া সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।
এই রদবদলকে সেনাবাহিনীর নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।