
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস হয়েছে, যার মাধ্যমে রাজনৈতিক দলসহ যেকোনো সংগঠনকে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা পেল সরকার।
বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে এটি সর্বসম্মত কণ্ঠভোটে গৃহীত হয়। এই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ রাখা হয়েছে।
নতুন সংশোধনের ফলে, কোনো ব্যক্তি বা সংগঠন—এমনকি রাজনৈতিক দলকেও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করা যাবে। পাশাপাশি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রচারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থায়ন, আশ্রয় বা অন্য কোনোভাবে সহায়তা করলে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।
এর আগে, গত বছরের ১১ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের জন্য একটি অধ্যাদেশ জারি করে, যা পরে গেজেট আকারে প্রকাশিত হয়। তখন সংসদ কার্যকর না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছিলেন। পরে সেটিই সংশোধন করে সংসদে বিল আকারে পাস করা হলো।