
অন্যায়, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের সাহস জোগানো কবি কাজী নজরুল ইসলাম জাতির জন্য শক্তির অন্যতম উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।’
তিনি আরও বলেন, ‘যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন, যে কোনো আন্দোলন-সংগ্রামে প্রধান অনুপ্রেরণাও নজরুল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কাজী নজরুল ইসলাম আমাদের শক্তির উৎস। আমি এবং আমার দল আজকে তার ৫০ তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের কাজী নজরুল ইসলামের মতো মহীরুহ প্রতিভাকে নিয়ে প্রয়োজনীয় চর্চা ও অনুশীলন আবারও শুরু হয়েছে। তার ভাষায়, ‘নজরুল আমাদের প্রেরণা।’
রিজভী আরও বলেন, ‘কাজী নজরুলের লেখনি, তার সাহিত্যকর্ম এবং তার বাণী বুকে নিয়ে আমরা পথ চলি, নজরুল আমাদেরকে নির্ভয় করে, আমাদেরকে সামনে যেতে নির্ভিক করে।’
এদিন সকালে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রিজভী। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনটির নেতাকর্মীরা।