
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
আজ বিকেল ৩টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুর পাশাপাশি জনদুর্ভোগের বিষয়গুলোও এবারের অধিবেশনে গুরুত্ব পেতে পারে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই অধিবেশনটি বিশেষ তাৎপর্য বহন করছে।
অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধী দল সরব হতে পারে। একই সঙ্গে প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রশ্ন তুলবেন বলে জানা গেছে।
এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা ও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।