
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন তিনি।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করবেন রাষ্ট্রপতি। এরপর সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।
এরপর মির্জা ফখরুল শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেল তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ হলে রাষ্ট্রপতি নিজের বাড়িতে যাবেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।