
রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সমস্যা নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, রোহিঙ্গা ক্যাম্পের নেতিবাচক পরিবেশ আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে মাদকসহ নানা ইস্যুতে ক্যাম্পগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন—আইজিসি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
ক্যাম্পের পরিবেশ নিয়ে উদ্বেগ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। মাদকসহ বিভিন্ন ইস্যুতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নেতিবাচক পরিবেশও আইনশৃঙ্খলার জন্য একটি উদ্বেগের বিষয়। ক্যাম্পের সীমানা কঠোরভাবে নিয়ন্ত্রণ করাও জরুরি।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের মানুষকে সীমাহীন সমস্যা বা ভোগান্তি পোহাতে হচ্ছে। ক্যাম্প যত জনবহুল হতে থাকবে সংকট তত ঘণীভূত হতে থাকবে।’
মানবিক সহায়তা প্রত্যাবাসনের বিকল্প নয়
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগ পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি বলে মনে করেন সালাহউদ্দিন আহমদ। তবে এই সহায়তাকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগ পর্যন্ত মানবিক সহায়তা খুবই জরুরি। তবে এই মানবিক সহায়তা অবশ্যই একটি সাময়িক ব্যবস্থা প্রত্যাবাসনের বিকল্প নয়।’
রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে দ্রুত ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সাথে দ্রুত প্রত্যাবাসনের জন্য বিশ্বের প্রভাবশালী দেশগুলো ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহের সহায়তা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এ সহায়তা ও সমর্থন প্রত্যাশা করে।’
সামনের জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা সংকটের বিষয়টি যেন অন্য কোনো আন্তর্জাতিক ইস্যুর আড়ালে চাপা না পড়ে, সেই প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আশা করবে জাতিসংঘের আসন্ন অধিবেশনে যেন রোহিঙ্গা সংকট সমাধানের গুরুত্বপূর্ণ আলোচনা অন্য কোনো প্রসঙ্গের আলোচনায় চাপা না পড়ে যায়।’