
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একের পর এক পদত্যাগের ঘটনায় এবার যুক্ত হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার। তবে তাঁর পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
একই দিনে পদত্যাগ আরও তিন আইন কর্মকর্তার
আবদুল জব্বারের পদত্যাগের আগে একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আরও তিন আইন কর্মকর্তা পদ ছাড়েন। তাঁদের মধ্যে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এর ফলে একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের চার আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।
আ. লীগ সম্পৃক্ততার অভিযোগে নূরুল করিমের পদত্যাগ
এর আগে সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
জুনে একযোগে পদত্যাগ করেছিলেন ১৮ আইন কর্মকর্তা
এরও আগে গত জুন মাসে সরকারের নেওয়া একটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
সেই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা যৌথভাবে পদত্যাগ করেছেন।