
বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তির অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে একমত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ।
শুক্রবার (১৬ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন।
বৈঠকে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তাঁর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা জোরদারে সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বৈঠকে জ্বালানি, শিক্ষা, মানবিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া কূটনৈতিক ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তির গুরুত্ব তুলে ধরেন দুই পক্ষ।
চলমান সংঘাতের মধ্যে ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
বৈঠকে জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আগামী বছর আজারবাইজানে অনুষ্ঠেয় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলন ঘিরে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।