
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না। সত্যিই সাহস থাকলে দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
মো. আমিনুল ইসলাম বলেন, ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু নয়। তাঁর বক্তব্য, শেখ হাসিনার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচারের মুখোমুখি হওয়া উচিত।
এ সময় তিনি জানান, শেখ হাসিনার বিষয়ে বিস্তারিত তথ্য মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।
জুলাই-আগস্ট গণহত্যার ১০ মামলার তদন্ত প্রতিবেদন জমা
ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় করা ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন বিভাগের হাতে পৌঁছেছে।
বর্তমানে প্রতিবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে সেগুলো আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা।