
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে থাকার কথা রয়েছে।
বাংলাদেশে প্রায় তিন বছর মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমও দেখভাল করছেন।
এবারের ঢাকা সফরে পিটার হাসের আসার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার এই সফর ব্যবসায়িক, নাকি অন্য কোনো কারণে বাংলাদেশে এসেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে আসছিলেন পিটার হাস। এ বিষয়ে নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন তিনি।
পিটার হাসের এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়েছিল। তার কূটনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হিসেবেও অভিহিত করেছিল সরকার। অন্যদিকে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।