
গোপালগঞ্জের একটি হাসপাতালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে হাসপাতালে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সুজাউদ্দৌলা লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’
আন্তর্জাতিক আইনে হাসপাতাল সুরক্ষার বিধান
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাত চলাকালে হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা দেওয়ার বিধান রয়েছে। একইভাবে ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তের আওতায় হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নিরপেক্ষ তদন্তের দাবি
পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও বলেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এ ধরনের ঘটনায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।