
সংসদে দাঁড়িয়ে দাড়ি-টুপি নিয়ে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের অধিবেশনের শুরুতেই তিনি এ বিষয়ে বক্তব্য দেন। মাদারীপুর-১ আসনের এই এমপি অভিযোগ করেন, গত ৩০ তারিখে তার নিজ এলাকায় প্রকাশ্যে তাকে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এই ঘটনার ফলে তিনি সামাজিকভাবে অপমানিত হয়েছেন এবং এটি তার বিশেষ অধিকার লঙ্ঘনের শামিল। সংসদের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
হানজালা বলেন, ‘মাননীয় স্পিকার আসলে আমি এখানে এভাবে দাড়াতাম না। দাঁড়িয়েছি শুধু ব্যক্তিগত কারণে নয়, আমি চাই যে শব্দটি আমার জন্যে ব্যবহার করা হয়েছিল, এটি একটি ফ্যাসিস্ট ওয়ার্ড। এগুলো গত ১৭ বছর ব্যবহার করা হয়েছে। আর এগুলো ব্যবহার করে দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে তারা হেয় প্রতিপন্ন করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনার মাধ্যমে শুধু বিরোধী দল দেখে নয়, এখানে সরকারি বিরোধী দল উভয়ই এমপি মন্ত্রীরা যারা রয়েছেন আপনার মাধ্যমে প্রতেইকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারে। কারও যেন সম্মান আগামীতে কেউ খুন্ন করতে না পারে। এজন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।’