
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা এই অলরাউন্ডার এবার দেশের রাজনীতি, নিজের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন।
সম্প্রতি এক ইউটিউবভিত্তিক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, 'একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।' এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।
আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব সাক্ষাৎকারে জানান, রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে তিনি ভুল মনে করেন না। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন না করে কেন প্রচলিত ধারার রাজনীতিতে যুক্ত হলেন, এমন প্রশ্নের জবাবেও নিজের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেননি তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিতে দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরেন এই ক্রিকেটার। মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, দেশে ফিরলে কোথায় আগে যাবেন জানতে চাইলে সাকিব বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়।
নির্বাচনে অংশ নেওয়ার সময় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা ছিল কি না, এমন প্রশ্নে আবেগঘন প্রতিক্রিয়াও জানান তিনি। সাকিব বলেন, মাগুরায় তিনি কখনো তারকাখ্যাতির মানুষ ছিলেন না, বরং স্থানীয়দের কাছে সবসময় ফয়সাল হিসেবেই পরিচিত ছিলেন। তার এই বক্তব্যে নিজের শিকড় ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্কের দিকটি উঠে আসে।
দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। সাম্প্রতিক এই সাক্ষাৎকার সেই আলোচনাকে আরও নতুন মাত্রা দিয়েছে।