
চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ১০ দিনের এক রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের ২০ সদস্যের একটি তরুণ প্রতিনিধি দল। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ১৪ মে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান। সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত সফরকারীদের তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বিএনপির এই তরুণ ও ছাত্রনেতাদের গুরুত্বপূর্ণ সফরটি আগামী ৪ জুন শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে। সফরকারী প্রতিনিধি দলে বিএনপির বিভিন্ন স্তরের ২০ জন সম্ভাবনাময় তরুণ ও ছাত্রনেতা স্থান পেয়েছেন।
প্রতিনিধি দলে স্থান পাওয়া ছাত্র ও তরুণ নেতারা হলেন— মো. মিনহাজুল ইসলাম ভূঁইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মালুম, জহিরুল ইসলাম, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং মো. মঞ্জুরুল আলম। তালিকায় আরও রয়েছেন— আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ এবং জান্নাতুল নওরীন উর্মি।
বিএনপি মহাসচিবকে লেখা চিঠিতে চীনা রাষ্ট্রদূত উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের এই তরুণ প্রতিনিধি দলটি চীনের ঐতিহাসিক চংকিং ও আধুনিক সাংহাই শহর পরিদর্শন করবে। ১০ দিনের এই সফরে তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের শাসন ও প্রশাসনিক ব্যবস্থা—সহ দেশটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এর পাশাপাশি সফরকে ফলপ্রসূ করতে প্রতিনিধি দলের সদস্যরা চীনের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মতবিনিময় সভায় অংশ নেবেন। এই সফরের আন্তর্জাতিক বিমান ভাড়া, স্থানীয় আবাসন, খাওয়া-দাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতসহ যাবতীয় সমস্ত ব্যয়ভার চীন সরকার বহন করবে বলে দূতাবাসের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসার পর থেকে বেইজিংয়ের সাথে নতুন সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা কূটনৈতিক তৎপরতা চলছে। এমন প্রেক্ষাপটে বিএনপির যুব ও ছাত্র সংগঠনের শীর্ষ তরুণ নেতাদের এই চীন সফর দুই দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।