
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ ও গবাদিপশুর প্রাণহানি ঘটলেও সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি। একই সঙ্গে তিনি বন্যাকবলিত অঞ্চলে প্রধানমন্ত্রীর উপস্থিতি না থাকা, এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জুবাইদা রহমানের সাথে, সেলফি তুললেন। বিয়ের আগে শুনেছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম। বাংলাদেশের মানুষ শুধু প্রেম দেখতে পাচ্ছে, দেশের কোনো আর পরিবর্তন দেখতে পাচ্ছে না’
বন্যার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেক পরীক্ষার্থী সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। তাদের সঙ্গে থাকা অভিভাবকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকার চাইলে পরীক্ষা একদিন পিছিয়ে দিতে পারত। শিক্ষা প্রতিমন্ত্রী যদি মাঠে গিয়ে নৌকার ব্যবস্থা করতেন কিংবা জলাবদ্ধ এলাকার পরিবর্তে অন্যত্র পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করতেন, তাহলে শিক্ষার্থীরা অনেক স্বস্তিতে পরীক্ষা দিতে পারত।’
সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘হাওয়া ভবনের রাজনীতি এখন অন্য জায়গায় গিয়ে বসেছে। একদল উশৃঙ্খল যুবক এখন ক্ষমতার আশপাশে অবস্থান করছে। তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করি না। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হলে এসব উশৃঙ্খল গোষ্ঠীর প্রভাব থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সৎ ও যোগ্য তরুণদের নেতৃত্বে আনতে হবে।’
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।