
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগের পর সরকারের প্রতি বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হামলায় সারজিস আলমের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এজন্য। আমি আজ থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো।’
হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে; যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে। কারণ একজন ব্যক্তির ওইখানে নাম আছে, যার নামটা ওখানে ভিডিওতে ছিল না।’
বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন, উনারা বিচার করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে? আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো, প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।’