
কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু অপ্রতীম হত্যার ঘটনায় দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের এ দাবি জানান তিনি।
সাদিক কায়েম লিখেছেন, কুমিল্লায় নিখোঁজ ১৩ বছর বয়সী শিশু অপ্রতীমের পড়ে থাকা মরদেহের দৃশ্য যে কোনো বিবেকবান মানুষকে স্তব্ধ করে দেওয়ার মতো। এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেককে এ ধরনের ঘটনা আদৌ নাড়া দেয় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করে ডাকসুর এই নেতা বলেন, সালাহউদ্দিন আহমেদ হয়তো বর্তমানে প্রধানমন্ত্রীর হয়ে কোনো দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন, অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের কাজে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করছেন। আবার নিজের ছেলে ও আত্মীয়স্বজনদের কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় সরকারি প্রকল্পের দায়িত্ব কীভাবে দেওয়া যায় কিংবা লাভজনক সরকারি পদে কীভাবে বসানো যায়—এ ধরনের বিষয় নিয়েও তিনি ব্যস্ত থাকতে পারেন বলে মন্তব্য করেন সাদিক কায়েম।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ধারাবাহিকভাবে হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশু থেকে শুরু করে বৃদ্ধ—কেউই যেন নিরাপদ নন। এর মধ্যেই মানিকগঞ্জে স্ত্রী ও কন্যাসহ এক প্রবাসীর মরদেহ উদ্ধারের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে সাদিক কায়েম বলেন, ‘নিঃসন্দেহে সালাহউদ্দিন আহমেদ এই ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী।’
ডাকসু ভিপি বলেন, ‘আমরা তো এমন বাংলাদেশ চাইনি।’ দেশের প্রতিটি মানুষের জানমাল নিরাপদ রাখার লক্ষ্যেই ২০২৪ সালে তারা আন্দোলন-সংগ্রাম করেছিলেন বলেও দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, ‘আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা এই দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা কায়েমের জন্য '২৪ এ লড়াই করেছি। সেই নিরাপত্তা না দিতে পারলে সময় থাকতেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক, এটাই গণদাবি।’