
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ, তিনি তা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’
সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম সাবেক প্রতিমন্ত্রী ইশরাকের হোসেনের অস্ত্রপ্রদর্শন ও পদত্যাগ প্রসঙ্গে বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন বলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আইন প্রয়োগকারী সংস্থাকে এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর আগে মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির আহ্বায়কের অভিযোগ, একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ কিংবা নির্দেশের ওপর ভিত্তি করে দেশ পরিচালিত হচ্ছে। তাঁর মতে, এ ধরনের ব্যবস্থা গণতন্ত্র বা আইনের শাসনের দৃষ্টান্ত হতে পারে না।
সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এই কমিটির নামে সরকার এখনো নাটক করছে। দেশের মানুষ ইতিমধ্যে কমিটিকে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, দলীয় ঘরানার সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাঁদের ব্যবহার করে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরোধিতায় বক্তব্য দেওয়াচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডকে জনগণের সঙ্গে প্রহসন বলে অভিহিত করেন।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।