
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও স্বাভাবিক সুবিধা পাচ্ছেন না ইরানের ফুটবলাররা। দীর্ঘ অনিশ্চয়তার পর তাদের ভিসা দেওয়া হয়েছে, তবে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশ ছাড়ার শর্ত আরোপ করা হয়েছে।
আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রে ইরান দলের অংশগ্রহণ নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা ছিল। রাজনৈতিক টানাপোড়েন ও সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে দলটির ভিসা প্রক্রিয়া নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভিসা মিললেও কঠোর বিধিনিষেধের মধ্যে খেলতে হবে ইরানের ফুটবলারদের।
মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুলফজল পাসানদিদেহ জানিয়েছেন, ইরানি খেলোয়াড়রা কেবল ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। খেলা শেষ হওয়ার পর একই দিন তাদের দেশটি ত্যাগ করতে হবে।
যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবারের বিশ্বকাপ আয়োজন করছে। তবে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দলটি মেক্সিকোতেই অবস্থান করবে এবং প্রতিটি ম্যাচের দিন সেখান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলে আবার ফিরে আসবে।
আগের পরিকল্পনায় ইরান দলের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাসকনে ক্যাম্প করার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। পরিবর্তে মেক্সিকোকে ভিত্তি করেই বিশ্বকাপ কার্যক্রম পরিচালনা করবে দলটি।
রাষ্ট্রদূত জানান, এই শর্ত মেনেই ইরানকে লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে নির্ধারিত ম্যাচগুলোতে অংশ নিতে হবে। রাজনৈতিক বাস্তবতার মধ্যেও বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছে তেহরান।