
বিশ্বকাপের উত্তেজনা এখন চূড়ায়। একে একে মাঠে নামছে ফুটবলের পরাশক্তিগুলো। তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আগ্রহের জায়গা এখনো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে কি তাদের আবার মুখোমুখি দেখা সম্ভব?
টুর্নামেন্টে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে আগামীকাল দিবাগত ভোর ৪টায়। অন্যদিকে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে ১৭ জুন সকাল ৭টায়। দুই দলই এবার শিরোপার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছে, ফলে তারা যত দূর যাবে, উত্তেজনাও তত বাড়বে।
নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ অনুযায়ী, দুই দলের মুখোমুখি হওয়ার পথ একাধিকভাবে তৈরি হতে পারে। আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে, আর ব্রাজিল সি গ্রুপে। যদি দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে সব বাধা পেরিয়ে এগোয়, তাহলে সেমিফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার উল্টোভাবে, যদি দুই দলই গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ আটে পৌঁছে যায়, তাহলেও সেমিফাইনালে এই হাইভোল্টেজ লড়াই দেখা যেতে পারে। আর যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হয়, তাহলে ফাইনালেও হতে পারে ব্রাজিল–আর্জেন্টিনা মহারণ। তবে কোনো দল যদি তৃতীয় স্থানে থেকে নকআউটে যায়, তখন তাদের মুখোমুখি হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াবে।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দল তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে কার্লো আনচেলত্তির ব্রাজিল খেলবে শক্ত প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনা চারবার মুখোমুখি হয়েছে। শেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার পাস থেকে ক্লাউদিও কানিজিয়ার গোলের মাধ্যমে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল আর্জেন্টিনা।
এর আগে ১৯৭৪ সালের জার্মানি বিশ্বকাপে প্রথম সাক্ষাতে ব্রাজিল ২–১ গোলে জয় পায়। ১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে গ্রুপ ম্যাচে ব্রাজিল ৩–১ গোলে জয়ী হয়।
এখন পর্যন্ত বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের জয় দুইটি, আর্জেন্টিনার একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।