
জীবনের ৩৯তম বসন্তে পা রাখতে যাচ্ছেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের এই সায়াহ্নে এসেও এলএমথার্টিইনের ধার যে বিন্দুমাত্র কমেনি, সেটাই মনে করিয়ে দিলেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ ও ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। ফরাসি এই তারকার মতে, বয়স মেসির কাছে নিতান্তই একটি সংখ্যা মাত্র, যা তাঁর জাদুকরী পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারছে না।
দেম্বেলের দৃঢ় বিশ্বাস, মাঠের ভেতর আর্জেন্টাইন কিংবদন্তি এখনও আগের মতোই প্রতিপক্ষের জন্য সমান ভয়ঙ্কর এবং একক দক্ষতায় আলবিসেলেস্তেদের আবারও বিশ্বজয়ের স্বাদ এনে দেওয়ার সামর্থ্য রয়েছে তাঁর।
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে লিওনেল মেসির জাদুকরী নেতৃত্বেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় বৈশ্বিক শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক আসরে পুরো টুর্নামেন্ট জুড়ে একাই আধিপত্য বিস্তার করেছিলেন মেসি; সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে নেন ম্যাচসেরার পুরস্কার এবং টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল নিজের করে নেন।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় খেলার সুবাদে মেসিকে খুব কাছ থেকে দেখার এবং ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে দেম্বেলের। সম্প্রতি স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘মার্কা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, মেসি যেকোনো দলকে যেকোনো ট্রফি জেতানোর ক্ষমতা রাখেন।
ক্যালেন্ডারের পাতা উল্টে মেসির বয়স যতই বাড়ুক না কেন, মাঠে তাঁর কার্যকারিতা কমবে কি না—এমন প্রশ্নের জবাবে দেম্বেলে সোজাসুজি জানিয়ে দেন যে, এতে কিছুই বদলাবে না।
মেসির চিরসবুজ ফর্মের প্রশংসা করে দেম্বেলে নিজের ভাষায় বলেন, "তিনি আমার দেখা সেরা ফুটবলার, ফুটবল ইতিহাসেরও সেরা। তিনি এখনও বিপজ্জনক। ৩৮ বছর বয়সেও তাকে থামানো কঠিন। বয়স থাকলেও তার গুণগুলো সবসময়ই একই থাকবে। তাকে নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ তিনি আবারও শিরোপা জেতাতে পুরোপুরি সক্ষম।"