
অতিরিক্ত সময়ের নাটকীয় মুহূর্তে করা এক দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন হুলিয়ান আলভারেজ। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নিজের গোলের প্রশংসার পাশাপাশি লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন অনুভূতির কথাও জানিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১২তম মিনিটে বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেজের বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ বাঁকানো শটে বল জালে পাঠান আলভারেজ। তার সেই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, আর উল্লাসে ফেটে পড়ে কানসান সিটি স্টেডিয়াম।
চলতি ২০২৬ বিশ্বকাপে এটি আলভারেজের প্রথম গোল। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে এটি তার ষষ্ঠ গোল।
ম্যাচ শেষে নিজের গোল নিয়ে আলভারেজ বলেন, 'আমি দারুণ শট নিয়েছিলাম। আমি এর আগেও একটি শট নিয়েছিলাম। এবার আমি জায়গা পেয়েছিলাম, আমাকে বাধা দিতে কেউ এগিয়ে আসেনি এবং আমি দারুণভাবে শটটি নিয়েছিলাম। একটি চমৎকার গোল।'
গোল করার পর সরাসরি লিওনেল মেসিকে জড়িয়ে ধরেন আলভারেজ। সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'মেসির হাতে আবারও বিশ্বকাপ তুলে দিতে, আমরা আমাদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। তার জন্য প্রতিটি ম্যাচে একেকটা লড়াই। যখন গোল করলাম, প্রথমেই মেসিকে জড়িয়ে ধরেছি।'
ম্যাচের ৭২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো। একজন কম নিয়ে খেললেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে সুইসরা। প্রতিপক্ষের লড়াকু মানসিকতার প্রশংসা করে আলভারেজ বলেন, 'আমাদের একজন অতিরিক্ত খেলোয়াড় থাকা সত্ত্বেও পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল। আমরা জানতাম যে, যদি আমরা একসঙ্গে এগিয়ে যেতে থাকি, তাহলে গোল আসবেই। স্বাভাবিকভাবেই, আমরা আরও আগে জিততে পারলে খুশি হতাম, কিন্তু আমরা জানি এটা সহজ নয়; বিশ্বকাপের সব ম্যাচই এমন হয়। এখনো দুটি ম্যাচ বাকি।'