
বিশ্বকাপ ফাইনালের আগে লামিনে ইয়ামালকে ঘিরে মুহূর্তের জন্য উদ্বেগ ছড়িয়ে পড়েছিল স্পেন শিবিরে। মূল দলের সঙ্গে অনুশীলনে না দেখা যাওয়ায় তার চোট নিয়ে জল্পনা শুরু হলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত স্পেনের অনুশীলনে ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরোকে মূল দল থেকে আলাদা রাখা হয়। তারা পুনর্বাসন ও হালকা ফিটনেস সেশন সম্পন্ন করেন। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এটি ছিল স্পেনের প্রথম অনুশীলন।
অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। তবে দ্রুতই সেই জল্পনার অবসান ঘটায় আরএফইএফ। ফেডারেশন জানায়, অতিরিক্ত শারীরিক চাপ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুই ফুটবলারকে আলাদা অনুশীলন করানো হয়েছে। তাদের ফিটনেস নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার কারণ নেই।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রত্যাশা, রবিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে পূর্ণ ফিট ইয়ামালকে নিয়েই মাঠে নামবে স্পেন।
মাত্র ১৮ বছর বয়সেই চলতি বিশ্বকাপে স্পেনের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লামিনে ইয়ামাল। তাই শিরোপা নির্ধারণী ম্যাচের আগে তাকে ঘিরে তৈরি হওয়া সাময়িক শঙ্কা দ্রুতই দূর হয়েছে স্প্যানিশ শিবিরে।