
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঞ্চলে বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় পুরো এলাকায় বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় স্থানীয় কর্তৃপক্ষ ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছে।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে, যা নিউইয়র্ক সিটির অদূরে। তবে কানাডার বনাঞ্চলে চলমান দাবানলের ধোঁয়া ওই অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ায় বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে এবং তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়, প্রত্যেকেই এর প্রভাব অনুভব করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই বিপজ্জনক। যদি ভেবে থাকেন আজ বাইরে দৌড়াতে বের হবেন, তাহলে সেটা আগামীকালের জন্য রেখে দিন।’
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট খাওয়ার সমান।’
এ পরিস্থিতিতে বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে।
বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নেই; যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও এর আওতায় এসেছে। এরই মধ্যে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ খারাপ বায়ুমানের কারণে স্থগিত করা হয়েছে।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘনিয়ে আসার সময় এমন পরিবেশগত পরিস্থিতি ফাইনাল আয়োজন এবং সংশ্লিষ্টদের মধ্যে বাড়তি উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।