
আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর এখন নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে—মেসির সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে? রোজারিওর এই মহাতারকা সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা আবেগঘন বার্তা ও একটি ভিডিও প্রকাশ করে আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানার পর থেকেই শুরু হয়েছে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা।
২০০৯ সালের ২৮ মার্চ প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে তোলেন মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে জাতীয় দলের হয়ে এই জার্সিতে অভিষেক হয় তার।
এরপর আর্জেন্টিনার হয়ে যখনই মাঠে নেমেছেন, ১০ নম্বর জার্সিটাই ছিল মেসির গায়ে। ফলে দীর্ঘ সময় ধরে জার্সিটি কার্যত তার সঙ্গে একাকার হয়ে গেছে। এবার মেসির বিদায়ের পর নতুন উত্তরসূরি বেছে নেওয়ার পালা আর্জেন্টিনার।
মেসি ছাড়া আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে জার্সিটি পরেন তিনি। ম্যাচে ১-০ গোলে হারে আর্জেন্টিনা।
এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন আনহেল কোরেয়া। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ গোলের বড় জয়ের ম্যাচেও তার গায়ে ছিল এই নম্বর।
চিলির বিপক্ষে গোল করা ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন পাওলো দিবালা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই তিন খেলোয়াড়ের কেউই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন না।
মেসির মতো একজন কিংবদন্তির উত্তরসূরি হিসেবে সরাসরি কাউকে বেছে নেওয়া আর্জেন্টিনার জন্য সহজ হবে না। তবে জাতীয় দলে নিয়মিত ডাক পাওয়া কয়েকজন খেলোয়াড় এরই মধ্যে ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা অর্জন করেছেন।
ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকআলিস্টার এবং কোমোর নিকোলাস পাজ—তিনজনই ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সির সঙ্গে পরিচিত। এখন প্রশ্ন, তাদের কারও গায়ে জাতীয় দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি দেখা যাবে কি না।
এ তালিকায় আরও রয়েছেন কয়েকজন। রেসিং ও উদিনেজের হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন রদ্রিগো ডি পল। বোকা জুনিয়র্সে এই নম্বরের জার্সি গায়ে খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস।
ভেলেস সার্সফিল্ড ও আটলান্টা ইউনাইটেডে ১০ নম্বর জার্সি পরেছেন থিয়াগো আলমাদা। রোসারিও সেন্ট্রালে এই জার্সি ছিল জিওভানি লো সেলসোর গায়ে। আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনার হয়েও ১০ নম্বর জার্সি পরেছেন নিকোলাস গঞ্জালেস।
মেসির উত্তরসূরি হিসেবে শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন কোচ লিওনেল স্ক্যালোনি, সেটিই এখন সবচেয়ে বড় কৌতূহল। সেপ্টেম্বর-অক্টোবরে পরবর্তী ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কোন শিষ্যের গায়ে ওঠে, সেদিকেই তাকিয়ে ফুটবলবিশ্ব।