
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের সবচেয়ে বড় কৌতূহল এখন মিরপুরের উইকেট ঘিরে। তবে ম্যাচের আগের দিনও উইকেটের আচরণ সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা দিতে পারেননি প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর মতে, ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট।
উইকেট ও আসন্ন সিরিজের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে সিমন্স বলেন, ‘উইকেট এখনও দেখিনি। কঠিন সিরিজ আশা করছি। ভারতে দুর্দান্ত খেলে এসেছে তারা। তাই এই সিরিজেও কঠিন লড়াই করতে হবে।’
বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন এই কোচ। টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই খেলা কয়েকজন ক্রিকেটার দলে থাকায় প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকলেও তারা ম্যাচের মধ্যেই রয়েছেন বলে মনে করেন সিমন্স।
তিনি বলেন, ‘কয়েকজন খেলোয়াড় আছে, যারা টেস্ট ও ওয়ানডে দুদলেই খেলেন। বলব না আইডিয়াল। তবে তারা তো খেলার মধ্যেই আছেন। বসে ছিলেন না। আমরা এই দুদিন পুরো দল নিয়ে ভালো প্রস্তুতি নিতে পারছি কি না এটা গুরুত্বপূর্ণ।’
আবুধাবি টেস্টের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন সিমন্স। তাঁর মতে, সেই ম্যাচে বাংলাদেশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেললেও কিছু ভুলের কারণে কাঙ্ক্ষিত জয় পায়নি।
সিমন্স বলেন, ‘আমরা যেভাবে চেয়েছি, ছেলেরা সেভাবেই খেলেছে। উইকেট ভালো ছিল। শেষ দিকে উইকেট ভালো ছিল, যেটা আমরা হবে বলে মনে করিনি। তবে এই টেস্ট আমাদের জেতা উচিৎ ছিল। আমরা রানআউট মিস করেছি, ক্যাচ ছেড়েছি। তবে ভুল করেছি বলেও মনে করি না।’
এদিকে প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়েও কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ। লিটনের বর্তমান অবস্থান জানতে চাইলে সিমন্স বলেন, ‘আমি যতটা জানি সে আছে। যদি রাতে কিছু বদলে যায়, জানাব। এখন সে এভেইলেবল।’
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই শুরু হচ্ছে। সিরিজ শুরুর আগে তাই একদিকে উইকেটের আচরণ নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স—দুই বিষয়ই ভাবাচ্ছে বাংলাদেশকে।