
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানো ছাড়া ইরানের সামনে আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের সঙ্গে একটি “ভালো চুক্তি” করতে সক্ষম হবে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন পক্ষের সঙ্গে কাজ করছে যারা “খুব ভালো মানুষ নয়”, তবে তবুও কূটনৈতিকভাবে অগ্রগতি চলছে। একই সঙ্গে ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধকে তিনি “বড় সাফল্য” বলে উল্লেখ করেন।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তিনি তা করতে আগ্রহী নন। বরং পরবর্তীতে তিনি মন্তব্য করেন, “আমি বোমা হামলারই প্রত্যাশা করছি, কারণ সেটিই হবে আরও ভালো অবস্থান।”
তিনি আরও বলেন, চুক্তির জন্য খুব বেশি সময় নেই, তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসে তাহলে তারা “ভালো অবস্থানে” যেতে পারবে।
এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনায় ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইসলামাবাদ এখনো তেহরানের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, পাকিস্তান কূটনীতি ও সংলাপের পথেই অগ্রসর হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসায় ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: ডন।