
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সামরিক ঘাঁটির কাছাকাছি আকাশে জেলিফিশের মতো দেখতে বিশাল এক রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেছে। কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় বস্তুটি। এক নারীর ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত এই দৃশ্য। ঘটনাটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে।
সারা জেন অসবর্ন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানান, গত ১৫ জুন রাত ১০টা ১৩ মিনিটের দিকে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের সিক্সথ অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় আকাশে একটি রংধনু দেখতে পান তিনি। গাড়ির জানালা দিয়ে সেই দৃশ্যের ছবি তুলতে গিয়ে দূরের গাছপালার ওপর কালো রঙের অদ্ভুত একটি বস্তু তার নজরে আসে। তার ধারণা, বস্তুটি জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন (জেবিআর) সামরিক ঘাঁটির দিকেই অবস্থান করছিল।
ওই সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-২২ র্যাপ্টর যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি সেখানে আকাশ প্রতিরক্ষা, নজরদারি ও সামরিক বিমান পরিবহনের কার্যক্রমও পরিচালিত হয়।
অসবর্নের ভাষ্য অনুযায়ী, বস্তুটির নিচের দিকে কয়েকটি অংশ ঝুলে ছিল, যেগুলো আলাদাভাবে নড়াচড়া করছিল। আকাশে স্থিরভাবে ভেসে থাকার পাশাপাশি বস্তুটিকে এক পাশ থেকে অন্য পাশে ঘুরতেও দেখা যায়। প্রায় তিন মিনিট দৃশ্যমান থাকার পর হঠাৎ অদৃশ্য হয়ে যায় এটি।
অসবর্ন বলেন, প্রথমে বস্তুটি দেখে তার মনে হয়েছিল, এটি হয়তো কোনো মশা। কিন্তু ফোনের পর্দার বাইরে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তিনি স্বামী পিটকে সেটি দেখান। এরপর কয়েকটি ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করেন।
তিনি জানান, একই সময়ে দ্রুত পরপর কয়েকটি ছবি তুলেছিলেন। ফলে বস্তুটির বিভিন্ন অবস্থানের একাধিক স্থিরচিত্রও তার কাছে রয়েছে।
অসবর্নের দাবি, বস্তুটির রং ছিল কালো ও রুপালি। তার পরিচিত ঘুড়িগুলোর মতো উজ্জ্বল রঙের ছিল না এটি। সেদিন বাতাস থাকলেও ঘুড়ি ওড়ানোর মতো জোরে বাতাস ছিল না বলে জানান তিনি। এ ছাড়া বস্তুটির নড়াচড়াও ঘুড়ির স্বাভাবিক গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি তার কাছে।
ঘটনার পর অসবর্ন ও তার স্বামী আশপাশের একটি পার্কে যান। সেখানে কেউ ঘুড়ি নামাচ্ছেন কি না, তা খুঁজে দেখেন তারা। কিন্তু কাউকে ঘুড়ি গুটিয়ে নিতে দেখেননি। পরে তারা আর্টিক ভ্যালির দিকেও যান। প্রায় ৩০ মিনিট ধরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও রহস্যময় বস্তুটির কোনো সন্ধান পাননি।
অসবর্নের স্বামীর ধারণা, বস্তুটি তাদের অবস্থান থেকে প্রায় তিন মাইল দূরে থাকতে পারে। তবে এই দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। কাছাকাছি পাহাড়ের দিকে একটি ছোট বিমানও দেখতে পেয়েছিলেন তারা। ওই বিমানের তুলনায় রহস্যময় বস্তুটিকে অনেক বড় মনে হয়েছিল তাদের।
তবে বস্তুটির প্রকৃত দূরত্ব ও আকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না থাকায় এটি আসলে কতটা বড় ছিল, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। একইভাবে সামরিক ঘাঁটির কাছাকাছি দেখা গেলেও বস্তুটির সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি।
বস্তুটি ঘুড়ি, ড্রোন নাকি অন্য কোনো উড়ন্ত বস্তু ছিল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি এর সঙ্গে ভিনগ্রহের প্রাণীর কোনো সম্পর্ক থাকারও প্রমাণ মেলেনি।
অসবর্ন নিজেও বস্তুটি ড্রোনজাতীয় কোনো যন্ত্র হতে পারে বলে সম্ভাবনা উড়িয়ে দেননি। তবে এর অস্বাভাবিক আকার ও চলাচল এখনো তাকে ভাবিয়ে তুলছে।
ঘটনার সময় আশপাশে অন্য কেউ বস্তুটি দেখেছিলেন কি না, তা খুঁজেও কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান পাননি বলে জানান অসবর্ন। তবে স্বামী পাশে থাকায় নিজের দেখা নিয়ে তার কোনো সন্দেহ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
অসবর্ন বলেন, বস্তুটি সেখানে ছিল, আবার মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।