
ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর প্রচার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের জন্য ব্যবহৃত অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে দ্য হলিউড রিপোর্টারের বরাত দিয়ে বলা হয়েছে, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তের কথা জানায় টিকটক। এ বিষয়ে টিকটকের আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করেছে টেকক্রাঞ্চ।
অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত ‘মাস্ক’ তথ্যচিত্রে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। এর আগে তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল মেটা ও ইউটিউব। পরে অবশ্য উভয় প্ল্যাটফর্মই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটা জানিয়েছিল, তাদের প্রাথমিক সিদ্ধান্তটি ছিল একটি ত্রুটির ফল।
মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হয়নি। ফলে বিভিন্ন বড় ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যচিত্রটির প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানায় আংশিকভাবে রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠান। এলিসন ও মাস্ক—দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক হিসেবে পরিচিত। তবে এই সম্পর্কের সঙ্গে বিজ্ঞাপন নিষিদ্ধের সিদ্ধান্তগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পায়। পরে আরও বিস্তৃত পরিসরে প্রদর্শন শুরু হয়েছে। আগামী বছর এইচবিওতে এটি স্ট্রিমিংয়ের জন্য আসার কথা রয়েছে। এইচবিও বর্তমানে প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অংশ, যার নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।
রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে বিতর্কের মধ্যে ‘মাস্ক’-এর প্রচারে একাধিক প্ল্যাটফর্মের বাধা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিজ্ঞাপন প্রত্যাখ্যান বা অ্যাকাউন্ট নিষিদ্ধের ক্ষেত্রে প্রতিটি প্ল্যাটফর্ম কী নীতিমালা প্রয়োগ করেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা এখনো স্পষ্ট নয়।